টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না শিশু রাকিবের

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:১০ পিএম

হৃদরোগে আক্রান্ত শয্যাশায়ী রাকিব (১৪) বাঁচতে চায়। টাকার অভাবে দুই মাসের বেশি সময় পার হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। ফলে ধুঁকে ধুঁকে ক্ষয় হতে চলেছে তার জীবন।

রাকিবের বাড়ি নীলফামারী জেলা শহরের শান্তিনগর গ্রামে। তার বাবা মিজানুর রহমান শহরের বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ নিকেতনে নৈশপ্রহরীর কাজ করেন। রাকিব তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও অসুস্থতার কারণে চতুর্থ শ্রেণিতে ওঠার পর লেখাপড়া থেমে যায় ।

মিজানুর রহমান বলেন, ‘দুই বছর বয়সে হৃদযন্ত্রের ফুটো ধরা পড়ে রাকিবের। ওই সময় চিকিৎসক ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এ জন্য অন্তত ৫ লাখেরও বেশি টাকা দরকার। কিন্তু সে সামর্থ্য হয়ে ওঠেনি আমার।’

তিনি জানান, গত ২৮ মার্চ রাকিব গুরুতর অসুস্থ হলে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা শেষে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয় হাসপাতাল

কর্তৃপক্ষ। কিন্তু টাকার অভাবে সেখানে ভর্তি করাতে পারেননি তাকে।

নীলফামারী সদর হাসপাতালের শিশুরোগ বিশেষঞ্জ দিলীপ কুমার রায় বলেন, ‘রাকিব ভিএসডি রোগে আক্রান্ত। তার সুস্থতার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। এ জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।’

রাকিবের মা রঞ্জিনা বেগম বলেন, ‘টাকার অভাবে চোখের সামনে ধুঁকে ধুঁকে ছেলের জীবন শেষ হতে চলেছে। আমাদের তেমন সহায় সম্বল নেই যা বিক্রি করে তার চিকিৎসা করাব। আমার ছেলের জীবন রক্ষার্থে দেশের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত