মোবাইল অপারেটররা আদালতে যাওয়ার কারণে তাদের কাছ থেকে পাওনা আদায়ে বিলম্ব হয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। তার দাবি, মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গেলে দেশের জনগণের ওপর চাপ পড়বে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আলাদা সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে পাওনা আদায়ে যতটা কঠোর হওয়া সম্ভব, সরকার তা হবে বলেও জানান টেলিযোগাযোগ মন্ত্রী।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বেসরকারি মোবাইল অপারেটরদের কাছ থেকে সরকারের পাওনা আদায়ের ব্যবস্থার বিষয়ে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল অপারেটর গ্রামীণ এবং রবি দুটি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা রয়েছে। এই পাওনা আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর সর্বশেষ পদক্ষেপটি হচ্ছে, গ্রামীণের ব্যান্ডউইথ ৩০ ভাগ এবং রবির ব্যান্ডউইথ ১৫ ভাগ গ্যাপিং (কমিয়ে দেওয়া) করা হয়েছে। তাদের বলা হয়েছে, অবিলম্বে যেন তারা পাওনা পরিশোধ করে।’ পাওনা চাইলে আদালতে যাওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জন্য এটি দুঃখজনক যে, আমরা কোনো অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে তারা আদালতে যায়। ফলে পুরো প্রক্রিয়াটাই বিলম্বিত হয়। এ কারণে দীর্ঘদিন ধরে অনেক টাকা বকেয়া রয়ে গেছে।’
