রাজধানীর আগারগাঁওয়ে জুয়েল রানা (৩০) নামের এক যুবক নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কা জনক। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল আগারগাঁও স্টাফ কোয়াটার পাকা মার্কেট মাঠে জুয়েল নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে আত্মীয়রা জানান। সে পেশায় মাংস দোকানের শ্রমিক এবং পটুয়াখালী গলাচিপা উপজেলার জাহাঙ্গীর মোল্লার ছেলে। স্ত্রী সাবিনা বেগম ও ৯ বছরের মেয়ে জুয়েনাসহ পরিবার নিয়ে সে সাভার ইমান্দিয়া এলাকায় থাকে।
জুয়েলের ছোট ভাই মো. জুলহাস হোসেন জানান, জুয়েল আগারগাঁও তালতলা বাজারে মাংসের দোকানে কাজ করে। প্রতিদিন সাভার থেকে আগারগাঁওয়ের ওই দোকানে কাজ করতে আসতো। কেন তিনি গায়ে আগুন দিয়েছেন সেটা জানা যায়নি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল্লাহ খান জানান, জুয়েলের শ্বাসনালি সহ শরীরের ৭৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটের আইসিইউ'তে ভর্তি করা হয়েছে।
