ছোট এক গ্লাস ফলের জুস কিংবা চিনিযুক্ত কোমল পানীয় প্রতিদিন পান করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। নতুন একটি গবেষণার বরাত দিয়ে এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
গবেষণায় বলা হয়েছে, বাজারের প্রচলিত কোমল পানীয় কিংবা ফলের জুস প্রতিদিন সর্বোচ্চ ১০০ মিলি পান করলেও সার্বিকভাবে ক্যানসারের ঝুঁকি ১৮ শতাংশ বেড়ে যায়। আর ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ে ২২ শতাংশ।
কোমল পানীয় নিয়ে বিতর্ক অনেক দিনের। কিন্তু জুস থেকে ক্যানসার হওয়ার কথা এই প্রথম কোনো গবেষণায় দাবি করা হল।
গবেষণায় এক লাখ ফরাসি নাগরিকের উপর নজর রাখা হয়। তাদের মেডিকেল ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে চিনিযুক্ত কোমল পানীয় কিছু ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
গবেষণাটির ফলাফল বুধবার মেডিকেল জার্নাল বিএমজে’তে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, ক্যানসারের সঙ্গে চিনির সম্পর্ক প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে।
ফলাফলে বলা হয়েছে, চিনিযুক্ত পানীয় স্থূলতা বাড়িয়ে দেয়। তখন ওজন বেড়ে যায়। এই স্থূলতা নিজেই ক্যানসার ঝুঁকির একটি ফ্যাক্টর।
এই বিপদ এড়াতে গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন কোমল পানীয় গ্রহণ করতে হলে এক গ্লাসের বেশি খাওয়া উচিত নয়।
