সাভারে বিস্কুট খাওয়ানোর প্রলোভনে তুহিন নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকারী চক্রের এক নারী সদস্যকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
আটক নারীর নাম মর্জিনা বেগম (৪০)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। এছাড়া অপহৃত শিশু তুহিন সাভারের হেমায়েতপুর এলাকার আর্জেন্টপাড়া মহল্লার মো. রুবেলের ছেলে।
থানা পুলিশ জানায়, গত ৩ জুলাই সাভারের হেমায়েতপুর আর্জেন্টপাড়া এলাকা থেকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু তুহিনকে কৌশলে অপহরণ করে পাচারকারী চক্রের নারী সদস্য মর্জিনা বেগম (৪০)।
এঘটনায় অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে সাভার মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণের ঘটনায় জড়িত পাচারকারী চক্রের নারী সদস্য মর্জিনা বেগমকে আটক করা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক জানান, অপহৃত শিশু তুহিনকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করে অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
