ডেঙ্গু নিয়ে আইনি নোটিশ পাঠানো আইনজীবীর বাসায় মেয়র খোকন

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৩২ পিএম

স্ত্রীর ডেঙ্গু হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো আইনজীবীর বাসায় গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আইনজীবী তানজিম আল ইসলাম একথা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “ঢাকার দক্ষিণের মেয়র বাসায় এসেছিলেন এবং ডেঙ্গু প্রতিরোধে সকল কার্যক্রম জোরদার করবেন বলে ঢাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন।”

এরআগে স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গত বৃহস্পতিবার ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ও ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।

এতে বলা হয়, ২৯ জুন নোটিশদাতার স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং পাঁচ দিন হাসপাতালে থেকে আংশিক সুস্থতা লাভ করেন।

যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। ক্ষতিপূরণের পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে খিলগাঁও এক নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যথায় আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত চলতি বর্ষা মৌসুমে রাজধানীতে ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এপ্রিল থেকে জুলাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১১ জন। এর আগে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত