বিশ্বকাপ জিতবো কল্পনাও করিনি: ইংল্যান্ড অধিনায়ক

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:৫৬ পিএম

বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে পুরো ইংল্যান্ড। কিন্তু দলকে এমন জয়ের আনন্দে ভাসাতে পারবেন বলে কখনো কল্পনাও করেননি বলে জানালেন অধিনায়ক ইয়ন মর্গান।

ঐতিহাসির লর্ডসে রোববার শ্বাসরূদ্ধকর ফাইনালে নির্ধারিত পঞ্চাশ ওভারের লড়াই টাই হয়। সুপার ওভারও টাই। কিন্তু ম্যাচে কিউইদের চেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়ে প্রথমবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংল্যান্ড।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত মর্গান বলেন, “আমি বিশ্বকাপ জেতার কল্পনাও কখনো করিনি। নিজেই সন্দিহান ছিলাম।”

“সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন, দায়বদ্ধতা ও কিছুটা ভাগ্যের ছোঁয়া আমাদেরকে সফল হতে সহায়তা করেছে।”

লিগ পর্বে তিনটি ম্যাচে হারের পরও সমর্থকরা দলের ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মর্গান।

ফাইনালে নায়কোচিত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন বেন স্টোকস। কঠোর পরিশ্রমই দলকে চ্যাম্পিয়ন করেছে বলে মনে করেন তিনি।

“অনেক কঠোর পরিশ্রম গেছে। এটাই আমাদের অনুপ্রাণিত করেছে। ক্রিকেটে এর চেয়ে ভালো ম্যাচ হতে পারে বলে আমি মনে করি না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত