বিশ্বকাপে বাংলাদেশের মশাল বাহক সাকিব: আইসিসি

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৫:৫৫ পিএম

আইসিসির নির্বাচিত ২০১৯ বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের একাদশে জায়গা পাওয়া নিয়ে বলতে গিয়ে আইসিসি তাদের ওয়েবসাইটে বলেছে, সাকিব বিশ্বকাপের সেরা একাদশে অটোমেটিক চয়েস। এ ছাড়া বিশ্বসেরা অলরাউন্ডারকে বাংলাদেশের মশাল বাহক হিসেবে বিশেষণ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার আইসিসি নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করে। ৬০৬ রান ও ১১ উইকেট নেওয়া সাকিবকে বর্ণনা করেছে তারা এভাবে, ‘‘বিশ্বকাপে বাংলাদেশের মশাল বাহক, সাকিব বিশ্বকাপের সেরা একাদশে অটোমেটিক চয়েস। তর্ক সাপেক্ষে ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও সাকিব। ব্যাট এবং বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে সে।’’

‘‘বিশ্বকাপের এক আসরে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ রান ও ১০ উইকেট শিকারের অনন্য ডাবল গড়েছে। আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাট করেছে। ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছে। যা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাকে পাঁচ নম্বরে রেখেছে। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজের জাত চিনিয়েছে।’’

এবারের আসরে সাকিব যে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছে তাতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তাকে এগিয়ে রাখছিলেন সবাই। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে এই তিনজনকে ছাপিয়ে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলকে ফাইনালে নিতে ভূমিকা রাখায় সবাইকে পেছনে ফেলেছেন তিনি। রোববার লর্ডসে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে স্বাগতিক ইংল্যান্ড।

আইসিসি নির্বাচিত বিশ্বকাপের সেরা একাদশ

রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (অধিনায়ক) (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), জোফরা আর্চার (ইংল্যান্ড), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), জসপ্রিত বুমরাহ (ভারত)।

দ্বাদশ খেলোয়াড়: ট্রেন্ট বোল্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত