ফেসবুকে নায়িকাকে কটূক্তির জেরে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৩:২৮ পিএম

সম্প্রতি দুষ্কৃতকারী ও ক্যাব-চালকের হেনস্তার শিকার হন কলকাতার দুই মডেল ও অভিনেত্রী। এবার ভার্চুয়াল জগতে হেনস্তার মুখে পড়ে পুলিশে অভিযোগ করলেন টিভি-সিনেমার নায়িকা অরুণিমা ঘোষ। এর জেরে আটক হয়েছেন একজন।

এনডিটিভি জানায়, সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক মাস ধরেই অরুণিমাকে উদ্দেশ করে কটূক্তি করছিলেন অভিযুক্ত ব্যক্তি। অভিনেত্রীকে নানা ধরনের হুমকিও দেন।  প্রথমে পাত্তা না দিলেও পরে বিষয়টি গুরুতর হিসেবে নেন তিনি।

সোমবার কলকাতা পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে হুমকি দেওয়া ও অপমান করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

অরুণিমার অভিযোগের ভিত্তিতে আগের দিন রাতে দক্ষিণ কলকাতার গরফা এলাকার বাসিন্দা মুকেশ শাওকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দেড় মাস ধরে অরুণিমার সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে অশ্লীল মন্তব্য করছিলেন, হুমকিও দেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মুকেশ শাও হলেও ফেসবুকে মুকেশ ময়ূখ নামে অ্যাকাউন্ট খুলেছিলেন। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে এই কাজের পেছনে আসল উদ্দেশ কী ছিল। অভিযুক্ত মানসিকভাবেও ভারসাম্যযুক্ত কিনা তা দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত