‘স্যার’ উপাধি পাচ্ছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো স্টোকস!

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৯:০০ এএম

এবারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বেন স্টোকসের প্রচেষ্টা কারো ভোলার নয়। তার নায়কোচিত পারফরম্যান্সেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে ক্রিকেটের জন্মভূমি। সে অবদানের স্বীকৃতিও পেতে পাচ্ছেন স্টোকস। তারকা এই অলরাউন্ডার অচিরেই নাকি পেতে যাচ্ছেন নাইটহুড উপাধি। হতে যাচ্ছেন স্যার বেন স্টোকস।

স্টোকসের আগে ইংল্যান্ডের ১১ জন ক্রিকেটার নাইটহুড পেয়েছেন। এ বছরেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক নাইট উপাধি গ্রহণ করেন। স্টোকস নাইট উপাধি পেলে তিনি হবেন এই উপাধি পাওয়া ১২তম ব্রিটিশ ক্রিকেটার।

ইংল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের একজন করে ও ওয়েস্ট ইন্ডিজের ১১ জন ক্রিকেটার নাইটহুড পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডন ব্র্যাডম্যান, রিচার্ড হ্যাডলি, গ্যারি সোবার্স, ফ্র্যাঙ্ক ওরেল, ভিভ রিচার্ডস প্রমুখ।

লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। মূলত স্টোকসের ব্যাটে ভর করেই ইংল্যান্ড স্কোর টাই করতে সক্ষম হয়। পরে সুপার ওভারেও স্কোর টাই হলে ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত