সারাদেশে আদালতে নিরাপত্তায় নেওয়া ব্যবস্থা জানতে চান হাইকোর্ট

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০২:২১ পিএম

কুমিল্লায় বিচারকের খাস কামরায় হত্যা মামলার এক আসামিকে আরেক আসামির হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।

পাশাপাশি সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালতগুলোতে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কুমিল্লার আদালতের ওই ঘটনার সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালত ও বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তা চেয়ে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে এ আদেশ দেন।

আগামী ৩০ জুলাই এ বিষয়ে আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানিকালে হাইকোর্ট বলেন, কুমিল্লার আদালতে খুনের ঘটনায় নিশ্চিতভাবেই পুলিশের গাফিলতি রয়েছে। যদি আদালতের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত