রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে একটি পুরোনো তিনতলা ভবনের কিছু অংশ ধসে পড়ার ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও একজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বুধবার দুপুরে পুরোনো হয়ে যাওয়া ভবনটির একটি রুম ধসে পড়ার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধারকাজ শুরু করলে পাশের আরেকটি দেয়ালও ধসে পড়ে।
নিহত ব্যক্তির নাম জাহিদুল ব্যাপারী (৬০) ।
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ধারণা করছেন মঙ্গলবার রাতের কোন এক সময়ে ভবনটির একটি অংশ ধসে পড়ে।
স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।
ভবন ধসের পর এর ভেতরে দুজন আটকা পড়েন বলে স্থানীয়রা জানায়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘ধসে পড়া ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় উদ্ধার কাজে ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।’
স্থানীয় ব্যবসায়ী মো. সোবহান বলেন, ‘তিনতলা এই ভবনটি ভোরের দিকে ধসে পড়ে। দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।’
এই ব্যবসায়ী আরও জানান, যে পাশের রুমটি ধসে পড়েছে, সেখানে সদরঘাটের ফল ব্যবসায়ী জাহেদ আলী ও তার ছেলে থাকতেন।
ব্যবসায়ী মো. সোবহান বলেন, ‘মঙ্গলবার রাতে ফলের দোকান বন্ধ করার পর সকাল থেকে তার দোকান বন্ধ ও মোবাইলও বন্ধ। ভবনটি এমনি ঝুঁকিপূর্ণ, তার মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে আরও খারাপ অবস্থা ছিল।’
ফায়ার সার্ভিস বলছে, ভবনের একটি রুমের ছাদ ধসে পড়েছে। উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। এ ছাড়া ভবনটির আশপাশে কোনও জায়গায় নেই, ভবনে যাওয়ার রাস্তাও খুব সরু। ফলে উদ্ধারকাজ চালাতে খুবই বেগ পেতে হচ্ছে। ভবনের নিচে কেউ আটকা পড়েছে কিনা, তার সন্ধানে কাজ চলছে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার অভিযান চালাচ্ছি। একটি আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় ওপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনো নিশ্চিত নই এখানে কেউ চাপা পড়েছেন কিনা। তবে, লোক মুখে শুনেছি দুজন নিখোঁজ আছেন। জানতে পেরেছি, আজ দুপুরে এটা ধসে পড়েছে।’ তবে, গতকাল রাতে ধসে পড়েছে বলেই তার ধারণা।
