রিফাত হত্যা

নয়নের সঙ্গে ফোনালাপ মিন্নির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ: তদন্ত কর্মকর্তা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৯:৫২ পিএম

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির মোবাইল ফোনের যোগযোগে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বুধবার গণমাধ্যমকে বলেন, ‘মূল হত্যাকারী নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে।’

হুমায়ুন কবির বলেন, ঘটনার আগের দিন মিন্নি নয়ন বন্ডদের বাড়িতে গিয়ে এই হত্যার পরিকল্পনা করে। এই হত্যাকাণ্ডের ৬ নম্বর আসামি টিকটক হৃদয় আদালতে দেওয়া জবানবন্দিতে এই হত্যায় আয়েশা সিদ্দিকা মিন্নির সংশ্লিষ্টতার কথা জানায়।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের আগে এজাহারভুক্ত সব আসামির সঙ্গে বিভিন্ন সময় আয়েশা সিদ্দিকা মিন্নি মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করেছে, সেই কল লিস্ট তদন্ত কর্মকর্তা উপস্থাপন করেছেন।

দ্বিতীয় ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ফুটেজে মিন্নি রিফাত শরীফকে রক্ষার যে চেষ্টা করে সেখানে সে নয়নকে জাপটে ধরলেও তাকে (মিন্নি) কোনো আঘাত করেনি। এটা ছিল লোক দেখানো।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এখন পর্যন্ত ১০ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

মঙ্গলবার মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বুধবার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত