শিশুর কাটা মাথা বহনকারী যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০৪:৪৯ পিএম

নেত্রকোনা পৌর শহরে ব্যাগে করে শিশুর কাটা মাথা নিয়ে ঘোরার সময় অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নিউটাউন এলাকায় অনন্তপুকুর পাড়ে এ ঘটনা ঘটে। কাটা মাথা পাওয়া শিশুটি কাটলি (উত্তর) এলাকায় একটি বাসায় ভাড়া থাকা রিক্সাচলক রহিছ উদ্দিনের সাত বছরের ছেলে সজিব। রহিছ উদ্দিনের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতলা ইউনিয়নের কুমারপাড়ায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনুমানিক দুপুর ১টার দিকে শহরের বারহাট্টা রোড এলাকা থেকে চোর সন্দেহে ব্যাগ হাতে এক যুবককে ধাওয়া করে জনতা। পরে নিউটাউন অনন্তপুকুরপাড় এলাকায় ঢুকলে আশপাশের মানুষ এসে আটকে ফেলে। এসময় তার হাতে থাকা ব্যাগটিতে তল্লাশি করে শিশুর মাথা পায়। পরে উত্তেজিত জনতা যুবককে পিটিয়ে মেরে ফেলে।

খবর পেয়ে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ এবং শিশুর মাথা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে শহরের মানুষ ঘটনাস্থলসহ হাসপাতাল এং থানায় ভীড় জমায়। লাশ উদ্ধারের সময় পুলিশ জনতার রোষানলে পড়ে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে দুপুর ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম দেশ রূপান্তরকে বলেন, তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের প্রক্রিয়া চলমান রয়েছে। গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি (২২) নিহত না হলে নিহত শিশুর মাথাবিহীন দেহের সন্ধান পেতে সহজ হতো। শিশুর দেহটি উদ্ধারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।

শিশুটির মা জানান, তারা গত এক মাস হয় আমতলা ইউনিয়নের কুমারপাড়া গ্রাম থেকে উত্তর কাটলি এলাকায় হীরাদের বাসায় ভাড়া থাকেন। সকালে শিশুটি দোকানে যায় জুস আনতে। পরে তাকে পাওয়া যায়নি। বাইরে খেলা করছে ভেবে আর খোজাঁখুজি করেনি। পরে নিউটাউন এলাকায় ব্যাগসহ যুবক ধরা পড়লে খবর পান তাদের সন্তানকে হত্যা করা হয়েছে।

পরে সময় বিকাল পৌনের ৪টার দিকে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহনুর এ আলম ফোন করে জানান, নিহত শিশু সজিবের মাথাবিহীন দেহটি পাওয়া গেছে তারা যে এলাকায় ভাড়া থাকত সেখানকার নির্মাণাধীন তিন তলায় একটি রুমে।

এর আগে দেশ রূপান্তরের প্রতিনিধি ডিবির ওসিকে নিহত শিশু ও তার পরিবারের সন্ধান নিশ্চিত করলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

এ প্রতিনিধি সরেজমিনে ওই নির্মামনাধীন বিল্ডিংয়ের তিন তলায় গেলে লাশের পাশে একটি কাগজ কাটার হলুদ রংয়ের ব্লেড ও মাথাবিহীন দেহটি নিথর পড়ে দেখতে পায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত