প্রথম ইনিংসে লিডের সম্ভাবনা নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বিসিবি একাদশ। কিন্তু বেঙ্গালুরুতে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে লিড নিতে পারেনি মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শেষে বেশ চাপে সফরকারীরা।
কর্নাটকে ‘মিনি রঞ্জি’ ট্রফিতে নিজেদের দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলছে বিসিবি একাদশ। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ডিওয়াই পাতিল একাডেমি। প্রথম ইনিংসে ২৫ রানের লিড পাওয়ায় এর মধ্যে ২৯৯ রানে এগিয়ে দলটি।
আগের দিনের ৫ উইকেটে ২৬১ রান নিয়ে এদিন দিনের খেলা শুরু করেছিল বিসিবি একাদশ। কিন্তু আর মাত্র ৪৫ রান যোগ করতে পারে তারা। ব্যক্তিগত ৬৭ রান নিয়ে দিন শুরু করে নুরুল হাসান সোহান ৮৭ রান করেন। প্রথম ইনিংসে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির ৩৩১ রান যোগ করেছিল স্কোর বোর্ডে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে পড়ে পাতিল ক্রিকেট একাডেমি। ৪২ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। কিন্তু এরপর সেঞ্চুরি করলেন নৌশাদ শেখ। তাইজুল ইসলামের শিকার হওয়ার আগে ১০৮ রান করেন তিনি। তাতেই বিসিবি একাদশের সামনে এর মধ্যে বড় লিড দাঁড় করিয়েছে ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমি। তাসকিন ৬৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।
