সত্যিই কি মুক্তি পেতে যাচ্ছে রোশান-ববির ছবি?

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১১:৫০ পিএম

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক রোশান। ছবির নাম ‘বেপরোয়া’। পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে পাচ্ছে করেও শেষ পর্যন্ত সিনেমা হলে যাচ্ছে না।

এদিকে প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে এই ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। যদিও গত বছর ঈদুল আজহাতেও এই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু নানা কারণে বেশ কয়েকবার তারিখ ঘোষণার পরও ছবিটি মুক্তি পায়নি। তবে এবার প্রযোজনা সংস্থা জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে এবার আর হেরফের হবে না। তবুও শঙ্কা রয়েই যায়। সত্যিই আলোর মুখ দেখবে ছবিটি। যদিও সিনেমা হলে মুক্তির আগ পর্যন্ত সিনেমাপ্রেমীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

‘বেপরোয়া’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ববি-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।

এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো জাজ প্রযোজিত সিনেমায় কাজ করেন ববি। ছবিটি নিয়ে আশাবাদী ববি। তিনি বলেন, ‘জাজ সব সময় দর্শকদের পছন্দের কথা ভেবে সিনেমা নির্মাণ করে। তাদের অনেক ব্যবসাসফল সিনেমা রয়েছে। আমি মনে করি এই সিনেমাটি দর্শকেরা ভালোভাবে গ্রহণ করবেন।’

রোশান বলেন, ‘দক্ষ শিল্পীদের সঙ্গে অভিনয় করতে সব সময় ভালো লাগে। আমাদের এই সিনেমায় অনেক গুণী শিল্পী রয়েছেন। আমার বিশ্বাস ববির সঙ্গে আমাকে জুটি হিসেবে দর্শকরা পছন্দ করবেন। আর ঈদের সিনেমা হিসেবে ‘বেপরোয়া’ সবার ভালো লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত