চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০১:২৪ এএম

চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের নেতা শোয়েব রিগানকে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের জ্বিনতলা মল্লিক পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের মাঝের পাড়ার আজম আলীর ছেলে চুয়াডাঙ্গা সরকারী কলেজের নেতা শোয়েব রিগান রাতে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় রাহেলা খাতুন গালর্স একাডেমির পেছনে পৌঁছালে ৫/৬ জনের একটি দুর্বৃত্ত দল তাকে ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে রেখে যায় দুর্বৃত্ত ওই দলটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কোপানোর ফলে রিগানের দুই পা ও বাম হাতসহ শরীরের অন্তত ৪০টি স্থান ক্ষত বিক্ষত হয়েছে। বিশেষ করে দুই পা ও বাম হাতে কোপ দেওয়া হয়েছে অসংখ্য। প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। এ কারণে আমরা চুয়াডাঙ্গা থেকে রিগানকে ঢাকা পঙ্গুতে নেওয়ার পরামর্শ দিয়েছে। রাতেই অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

এদিকে, ছাত্রলীগ নেতা শোয়েব রিগানের ওপর হামলার খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা হাসপাতালে ছুটে যান।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কলিমুল্লাহ জানান, এ হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন জানান, শোয়েব রিগান কলেজ ছাত্রলীগের নেতা হলেও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি হিসাবে মনোনীত ছিলেন।

এ ন্যক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত