সেলিব্রিটি হওয়ার ভোগান্তি কম নয়। মোটা হলে প্রশ্ন ওঠে এতো মোটা কেন? আবার রোগা হলেও জবাবদিহি করতে হয়। মডেল-অভিনেত্রী লিসা হেইডন পড়লেন তেমন ঝামেলায়।
ইনস্টাগ্রামে তার পোস্ট ছবি নিয়ে ভীষণই চিন্তায় পড়েছেন নেটিজেনদের একাংশ। লিসার রোগা স্বাস্থ্য তারা নিতেই পারছেন না। এই নিয়ে নিয়ে শুরু হয়েছে ট্রোল।
একটি মোবাইল ফোন ব্র্যান্ডের জন্য প্রচারমূলক ফটোশুট থেকেই একটি ছবি শেয়ার করেন লিসা। সেখান থেকে শুরু মন্তব্যের ঝড়।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “একটু খাওয়া-দাওয়া করো”, অন্য আরেকজনের আবার প্রশ্ন, “এত রোগা হয়ে যাচ্ছেন কীভাবে?” বিশেষজ্ঞ মতামত দিয়েছেন একজন, “একে কীভাবে সুন্দর বলা যায়? চর্মসার দেখতে, মনে হচ্ছে গুরুতর অপুষ্টিতে ভোগা। এই নারী সুন্দর কিন্তু বড্ড রোগা।”
তবে এর বিপরীতে মন্তব্য রয়েছে, যেখানে অযাচিত মন্তব্যকারীদের সমালোচনা করা হয়েছে। একজন লিখেছেন, “এই হলো চূড়ান্ত বডি শেমিং! আমাদের শরীর রোজ বদলাচ্ছে। বেশির ভাগই হরমোন পরিবর্তনের কারণে। মোটা হোক বা চর্মসার একজন নারী তার নিজের মতো করেই সুন্দর। আমার তো বিশ্বাস হচ্ছে না, পুরুষদের এসব নোংরা মন্তব্যে নারীও লাইক করছেন। হয়েছেটা কী আপনাদের?”
লিসা হেইডন ২০১০ সালে ‘আইশা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। রাসকেলস, কুইন, হাউসফুল থ্রি, অ্যায় দিল হ্যায় মুশকিলের মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘টপ মডেল ইন্ডিয়া’তে বিচারকের ভূমিকায় আছেন লিসা।
