দেশে ত্রানসামগ্রীর কোন অভাব নেই এবং সারা দেশে চলমান বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলেও আশা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শনিবার টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন, সরকার, প্রশাসন ও জনগন বন্যা কবলিত মানুষকে যেভাবে সেবা দেওয়ার জন্যে কাজ করছে বন্যা দীর্ঘস্থায়ী হলেও একইভাবে সেবা দিয়ে যাবে। এ বছর বন্যার পূর্বাভাস পাবার পর থেকেই সকল প্রস্তুতি গ্রহন করা হয় বলেও জানান তিনি।
এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল বিভাগের সমন্বয়ে বন্যা মোকাবিলায় কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামিম, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল।
এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
