স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রিফাত ফরাজী

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:৪২ এএম

বরগুনা কলেজ রোডে প্রকাশ্য দিবালোকে শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) কে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রিফাত ফরাজী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার বিকেল চারটায় তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর কাছে রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দি শেষে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করলে আদালতের বিচারকের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত মিন্নিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

এখন পর্যন্ত ১৪ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত