চারশ বছরের পুরনো রাজধানীর ধানমণ্ডির শাহী ঈদগাহ সংস্কারে নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, মোগল স্থাপত্য নিদর্শনের মধ্যে অন্যতম প্রাচীন একটি নিদর্শন এই শাহী ঈদগাহ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ শাহী ঈদগাহের ২০১৭-১৮ অর্থবছরে ১৯.৫ লাখ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে ২২ লাখ টাকার সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন কাজ সমাপ্ত করেছে। চলতি অর্থবছরে আরও প্রায় ৭ লাখ টাকার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এ প্রাচীন ঈদগাহটির রক্ষণাবেক্ষণে প্রতিবছর একটি নির্দিষ্ট অর্থ (২-৩ লাখ টাকা) বরাদ্দ দেওয়া হবে। তাতেও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ না হলে বিশেষ বরাদ্দ দেওয়া হবে। প্রতিমন্ত্রী গতকাল শাহী ঈদগাহ প্রাঙ্গণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক আয়োজিত শাহী ঈদগাহের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের সমাপনী ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, ঈদগাহের বাইরের জায়গা দখলমুক্ত রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতায় বর্তমানে যে ৫০৪টি সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমাদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত মোগল আমলের এ নান্দনিক স্থাপনা সংরক্ষণে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।
