ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন না বসানোর দাবিতে মানববন্ধন করেছে কিছু শিক্ষার্থী। এ ছাড়া এর প্রতিবাদে কয়েকটি নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মেট্রোরেলের স্টেশন স্থাপনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্মাণকাজে ব্যবহৃত নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর করে শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়নের নেতৃত্বে তারা এ ঘটনা ঘটায়।
জানতে চাইলে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক রাগিব নাইম ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, ‘মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ির করা হচ্ছিল। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হয়ে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এত কিছুর পরও আমরা সহ্য করেছি। কিন্তু যখন তারা বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে হাত দিয়েছে, তখন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা বসে থাকতে পারি না।’ এদিকে স্টেশন স্থাপনের প্রতিবাদে বিকেলে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
