নোবেলের কণ্ঠ আর কারো মতো নয়: মোস্তফা জামান আব্বাসী

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:৩৮ পিএম

ভারতীয় বাংলা চ্যানেলের রিয়্যালিটি শো’র মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোবেলের প্রশংসা করলেন সংগীতশিল্পী, অধ্যাপক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী।

ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, নোবেল চোখ বন্ধ করে সুর সৃষ্টি করে যায়। তার কণ্ঠ আর কারো মতো নয়।

সঙ্গে জানান, তিনি বিশ্বাস করেন বাংলাদেশে এমন প্রতিভা আরও রয়েছে।

‘নোবেলকে নিয়ে’ শিরোনামের ওই পোস্টে সোমবার সকালে আব্বাসী লেখেন, “এ নিয়ে আমার প্রথম লেখা। ওর মতন শিল্পী ঢাকায় লুকিয়ে ছিল আমরা কোনো দিন জানতেও পারিনি। সে চোখ বন্ধ করে আপনার মনে সুর সৃষ্টি করে যায়। তার কণ্ঠ আর কারো মতো নয়। সে নিজেই নিজের আনন্দ নিয়ে বিভোল। আমাদের ভূমিতে আরও অনেক নোবেল আছে এই বিষয়ে আমি স্থির নিশ্চিত। গানকে সে আরাধ্য হিসেবে নিয়েছে। এ রকম আর কেউ নিয়েছে তা মনে হয় না। প্রথম কাকে করব? এরা যে সবাই প্রথম। কারো চেয়ে কেউ কম নয়।”

কিংবদন্তি গায়ক আব্বাসউদ্দীন আহমেদের ছোট ছেলে আরও লেখেন, “ক্ল্যাসিক্যালে কণ্ঠ সাধতে হবে। এটা না হলে হবে না। আবদুল আলিম কিছছু জানত না। আব্বা তাকে ক্ল্যাসিক্যাল ধরান। এতে কণ্ঠ আরও বিস্মৃত হয়। এই কথাটি অনেকে জানে না। তবে বেশি ক্ল্যাসিক্যালে সংঘাত হবে, যার কথা শচীণকর্তা বলেছিলেন। নোবেল ইতিমধ্যে ভারতের জনপ্রিয় শিল্পীতে পরিণত হয়েছে। সবখান থেকে তার ডাক। অন্যদের নয়। এখানেই তার জিৎ।”

জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের রোববারের পর্বে নোবেল পরিবেশন করেন প্রয়াত আইয়ুব বাচ্চুর ‘ঘুমন্ত শহরে’ গানটি। চলতি মাসের শেষ দিকে প্রচার হবে অনুষ্ঠানটি সমাপনী পর্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত