রিফাত হত্যা

রিশান ফরাজীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:০৪ পিএম

রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রিশান ফরাজী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হ‌ুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন-পিপিএম জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত রিফাত হত্যা মামলার ১৫ জন আসামি ধরা পরেছে। তারা সবাই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

গত ১৮ জুলাই সকাল ১০টার দিকে রিশান ফরাজীকে গ্রেপ্তার করা হয়। পর দিন আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই রিশান ফরাজী আদালতে হাজির করা হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি শেষে রিশান ফরাজীকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ১২জন আসামির মধ্যে এখনো ৪ জন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তারা হচ্ছেন, মামলার ৫ নম্বর আসামি মুসা, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদার। আগামী ৩১ জুলাই মামলার চার্জ গঠনের তারিখ ধার্য রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে প্রকাশ্যে দিবালোকে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে কোপানো হয়। বরিশাল নেবার পথে ওই দিন বিকেল চারটার দিকে রিফাত শরীফ মারা যায়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত