রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার প্রতিবাদে গতকাল সকালে তিতুমীর কলেজের সামনে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরাও এ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন।
সকালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। এতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে তিতুমীরের সাবেক শিক্ষার্থী রেনুকে হত্যার প্রতিবাদে বক্তব্য দেন কলেজটির অধ্যক্ষ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. মো. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুন নাহার মায়া, সাংবাদিক নেতা মানিক মুনতাসীর ও মাহবুব জুয়েল, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাছেক প্রমুখ।
রেনু হত্যার সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধনের সমন্বয়ক ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চার দফা দাবি জানান।
