পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২৯ জুলাই থেকে বিক্রি শুরু হবে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। প্রথম দিন আগামী ৭ আগস্টের টিকিট দেওয়া হবে।
মঙ্গলবার রেল ভবনে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান।
তিনি বলেন, ঈদ শেষে ট্রেনে ঢাকায় ফেরার টিকিট বিক্রি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। আর তা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
মন্ত্রী বলেন, একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে হবে। তিনি বলেন, ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।
রেলমন্ত্রী জানান, ২৯ জুলাই দেওয়া হবে ৭ আগস্টের টিকিট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
এবার ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। এগুলো হল- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ আগস্টে দেওয়া হবে ১৪ আগস্টের ফিরতি টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের আর ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট দেওয়া হবে।
