সাফা কবির ও ইয়াশ রোহানকে নিয়ে নির্মিত হলো নাটক ‘ড্রিম অ্যান্ড লাভ’। নাটকটির গল্পে দেখা যাবে, সাফা কবির একটা নাচের স্কুল খুলেছেন। একটি ভাড়া বাড়িতে চলে তার স্কুলটি। ছোট ছেলে-মেয়েরা নাচ শিখতে আসে তার কাছে। সব ভালোই চলছিল হঠাৎ তার স্কুলের দিকে নজর পড়ে পাড়ার বখাটে ছেলেদের। আর এই বখাটেদের নেতা হলেন নায়ক ইয়াশ রোহান।
একদিন ইয়াশ তার বন্ধুদের নিয়ে সাফার স্কুল বন্ধ করতে হামলা করে। তবে পরে জানতে পারে সাফা সেই মেয়ে, যাকে একটি অনুষ্ঠানে নাচতে দেখে প্রেমে পড়েছিল ইয়াশ। পরবর্তীতে ইয়াশ স্কুল বন্ধ না করে নিজেই সাফার কাছে নাচ শিখতে শুরু করেন।
এমনই গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন মাকসুদুল হক ইমু। নাটকটির নাম ‘ড্রিম অ্যান্ড লাভ’।নাটকটি রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন। মঙ্গলবার থেকে রাজধানীর বনশ্রীতে শেষ হয়েছে নাটকটির শুটিং।
নাটকটি নিয়ে সাফা কবির বলেন, সুন্দর একটি গল্পের নাটক। আশা করি দর্শকেরা আনন্দ পাবেন।’ সাফার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন ইয়াশও।
সাফা-ইয়াশ এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিনাক্ষী, সিয়াম নাসিরসহ প্রায় সত্তর জন নৃত্যশিল্পী। ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
