ইরানের বিপক্ষে ম্যাচের খবরে উচ্ছ্বসিত ফুটবলাররা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৪৭ পিএম

সন্ধ্যা নাগাদই এই খবরটা চাউর হয়। ফুটবলের এশিয়ার শীর্ষ দল ইরানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই খবরে যেমন উচ্ছ্বসিত দর্শকেরা, তেমনেই উচ্ছ্বসিত জাতীয় দলের ফুটবলাররাও।

এশিয়ান র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ ইরান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২০তম। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাই শুরু হচ্ছে সেপ্টেম্বরে। সেই বাছাই আসরের আগে ইরানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে যেতে পারে বাংলাদেশ। এমন খবরই প্রকাশ করেছে ইরানের তেহরান টাইমস।

বিষয়টি নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, এশিয়ার তিনটি দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। তবে কোনোটিই এখনো চূড়ান্ত নয়, ‘আমরা বেশকটি দেশের সঙ্গেই কথা বলছি। ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা হচ্ছে। জাতীয় দল কমিটির সভাপতি (কাজী নাবিল আহমেদ) এ মাসের শেষে দেশে ফিরলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।’

তেহরান টাইমসের খবর অনুযায়ী ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু কাতারে। যেখানে বিশ্বকাপ বাছাইয়ের আগে কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বাফুফের। যদিও সে বিষয়টিও এখনো চূড়ান্ত নয় বলেই জানিয়েছেন আবু নাঈম সোহাগ।

এদিকে ইরানের বিপক্ষে ম্যাচটির খবর চাউর হওয়ার পরই ফুটবলারদের উচ্ছ্বাস ধরা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তরুণ তারকা রবিউল হাসান যেমন নিজের ফেইসবুক পেজে ইরান ও বাংলাদেশের দুটি ছবি পোস্ট করেছেন।

বিশ্বনাথ ঘোষ ইরানের ফুটবলারদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এটা সত্যিই ভালো খবর। ইরান বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায়।’

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। তাদের সঙ্গী বিশ্বকাপের আয়োজক কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন। তার আগে ৫ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে প্রীতি ম্যাচটির ইঙ্গিত দিয়েছেন ইরানি সংবাদমাধ্যম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত