যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রিয়া সাহা নিজ দায়িত্বে করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রিয়া সাহা সংগঠনের অন্যতম সাংগঠনিক সম্পাদক এটি সত্য। তবে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি বা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি যা করেছেন, নিজে দায়িত্ব নিয়ে করেছেন। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।
প্রিয়া সাহাকে সাময়িক বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের এক বিজ্ঞপ্তিতে দেখেছি প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ আছে। কোনো কোনো মার্কিন গণমাধ্যমে আমাকে সংগঠনের সভাপতি আর প্রিয়া সাহাকে সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নই। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এবং সাংগঠনিক পরিচিতি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে এটিকে 'সংগঠন বিরোধী কর্মকাণ্ড' বিবেচনায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তার সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়
রাণা দাশগুপ্ত বলেন, প্রিয়া সাহা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ থেকে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোক 'ডিজঅ্যাপিয়ার' হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। ডিজঅ্যাপিয়ার বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা তিনি ভালো বলতে পারবেন। এটি যদি স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদের গুম ও নিখোঁজ অর্থে বলে থাকেন, তবে তা অসত্য এবং আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, দুঃখজনক হলেও এটি সত্য যে, স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থান থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত আছে। তবে এটিও অস্বীকারের উপায় নেই বিগত ১০ বছরে অন্তত এ সরকারের আমলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বেশ খানিকটা অগ্রগতি ঘটেছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, নির্মল রোজারিও প্রমুখ।
