আবির্ভাবেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৬:২৫ পিএম

অবশেষে সেই মুহূর্তটা ধরা দিল বসুন্ধরা কিংসের মুঠোয়। দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নিশ্চিত করল দলটি। প্রথমবার দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে ওঠে এসে গড়ল ইতিহাস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই কীর্তি লিখল দলটি।

বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করে বসুন্ধরা কিংস। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ১ পয়েন্ট পাওয়াতেই নিশ্চিত হয়ে যায় তাদের শিরোপা।

কিংসদের এই শিরোপা শিরোপা উৎসব হতে পারত একদিন আগেই। কিন্তু বৃষ্টি বাঁধায় মোহামেডানের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর কিছু পরই স্থগিত হয় তা। যেখানে ম্যাচ থেমেছিল, এদিন ঠিক সেখান থেকেই খেলা শুরু হয়। শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচে সমতা আনে দলটি।

২০ জুন সিলেটে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে মৌসুমে প্রথম হারের শিকার না হলে অবশ্যই সেদিনই শিরোপা উৎসব করতে পারত তারা। অবশ্য তাদের এই উৎসবটা যে নীলফামারীতে হলো এটিই বা খারাপ কি। নিজেদের হোম ভেন্যু হিসেবে উত্তরের এই শহরকেই তো বেছে নিয়েছিল কিংসরা। উৎসবটা তাই ঘরের হলো তাদের।

২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর একাদশ আসরে এসে চতুর্থ চ্যাম্পিয়নের দেখা পেল বাংলাদেশ। সর্বাধিক ৬ আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। তিনবার শেখ জামাল ও একবার শিরোপা পেয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত