সাভারে গণপিটুনিতে নারী হত্যার ঘটনায় কলেজ ছাত্র গ্রেপ্তার

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৭:০২ পিএম

সাভারে ছেলেধরা সন্দেহে এক নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাব্বির হোসেন শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিণধরা বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির হোসেন হরিনধরা বাগবাড়ি এলাকার খোরশেদ আলমের ছেলে এবং সে স্থানীয় তেঁতুলঝোড়া কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমারৎ হোসেন বলেন, ছেলেধরা গুজবে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রথমে সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে ওই কলেজ ছাত্রকে চিহ্নিত করা হয়।

স্থানীয়দের সহযোগিতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে হরিণধরা বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ দেখে হত্যাকাণ্ডের ঘটনায় বাকিদেরও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওই যুবক গণপিটুনিতে অংশ নেওয়ার কথা শিকার করেছে। এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে সাব্বির হোসেন শাওনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার সকালে সালমা আক্তার নামে এক নারী সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া নিতে গেলে ছেলেধরা অপবাদ দিয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা।

এ ঘটনায় অজ্ঞাতনামা আট’শ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে সাব্বির হোসেন শাওন নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত