রাজশাহী বিভাগীয় কাস্টমস সদর দপ্তরের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ি থেকে ঘুষের টাকাসহ সাতজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে নগরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার ও একটি পিস্তলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন আবু সাইদ নয়ন, আহসানুল কবীর মিঠু, মনিরুল ইসলম জুয়েল, বায়েজিদ হোসেন, আবদুল মান্নান, আবুল হাসান রুবেল ও আবদুল মালেক। তবে রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী পালিয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি করেন। আর রুবেল ওই বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার বেলাল হোসেনের পিয়ন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি কর্মকর্তারা জানান, আইয়ুবের উপশহরের বাড়িতে ঘুষের টাকার লেনদেনের তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এসব টাকা সোনা মসজিদ স্থলবন্দরের ফাঁকি দেওয়া রাজস্ব। তারা আরও বলেন, ‘বুধবার মনিরুলের লাইসেন্সে দুই ট্রাক ভারতীয় প্রসাধন সামগ্রী স্থলবন্দর হয়ে দেশে আসে। এতে মোট ৮০ লাখ টাকা রাজস্ব আদায় হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২০ লাখ টাকা পরিশোধ করে ট্রাক দুটি বন্দর থেকে ছাড়িয়ে নেওয়া হয়। এরপর এ বাবদ ঘুষের টাকা দিতে ব্যবসায়ীরা আসেন আইয়ুবের বাড়িতে।’
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, জব্দ অস্ত্র, টাকা ও ডলার থানায় রাখা হয়েছে। অস্ত্রটি মালেকের লাইসেন্স করা বলে তিনি দাবি করছেন। এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের টাকা ও ডলারসহ আটক করা হয়েছে। তাদের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আইয়ুব আলীর বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তিনি কতটা সম্পৃক্ত তা নিশ্চিত হওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত।’
