শ্রমিক নিহতের ঘটনায় ইজি ফ্যাশনের তিনজন আটক

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৯:২১ এএম

রামপুরা ডিআইটি রোডে ইজি ফ্যাশন লিমিটেডের শ্রমিক নিহতের ঘটনায় বুধবার ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তিনজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে খবরটি জানা যায়। তবে আটক ব্যক্তিতে পরিচয় ও কখন আটক করা হয়েছে জানা যায়নি।

বলা হচ্ছে, আটকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রাথমিকভাবে জানা যায়, বুধবার রামপুরা ডিআইটি রোডের হাজীপাড়া পেট্রল পাম্পের বিপরীতে ইজি ফ্যাশন লিমিটেড সন্ধ্যা ৭টায় বন্ধ হয়। এরপর প্রতিষ্ঠানে কর্মরত সবাই কর্মস্থল ত্যাগ করলেও কাটিং সেকশনের শ্রমিক দেলোয়ার হোসেন সাঈদ (২০) কৌশলে লুকিয়ে থাকে।

গভীর রাতে দেলোয়ার গার্মেন্টসের ওপর থেকে প্রস্তুতকৃত মূল্যবান সামগ্রী নিচে ফেলতে থাকে। যা পার্শ্ববর্তী ভবনের লোকজন দেখে মালিকপক্ষকে অবহিত করে। প্রতিষ্ঠানের লোকজন দ্রুত সেখানে আসে এবং চোরকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা ৬ষ্ঠ তলার কাপড়ের মধ্যে লুকায়িত অবস্থায় দেলোয়ারকে খুঁজে পায় এবং মারধর করে। এতে দেলোয়ার আহত হয়।

মালিকপক্ষ পুলিশকে ঘটনা অবহিত না করেই আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১টার দিকে দেলোয়ার মারা যায়।

এই খবর ছড়িয়ে পড়লে পোশাক শ্রমিকেরা রামপুরা সড়ক অবরোধ করে। পুলিশ দ্রুত সেখানে অবস্থান নেয় এবং বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার সালমান হাসান ও হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত