প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া রহস্যজনক : মোশাররফ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:৫৩ পিএম

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করার পর প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াকে রহস্যজনক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘প্রিয়া সাহা যে মিথ্যা তথ্য দিয়েছেন ট্রাম্পের কাছে তা কি গুজব? তিনি ওখানে কী করে গেলেন? প্রিয়া সাহার কথা রাষ্ট্রদ্রোহিতার শামিল হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া রহস্যজনক।’ প্রিয়া সাহা গত ১৭ জুলাই ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ (ডিজঅ্যাপিয়ার্ড) হয়েছেন। তার এমন অভিযোগের পর সমালোচনার ঝড় ওঠে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে সংগঠনটি।

প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ আরও বলেন, প্রিয়া সাহার বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, এর  পেছনে সরকার জড়িত। এটা তাকে দিয়ে করানো হয়েছে।’ সরকার ‘অস্বাভাবিক’ হওয়ায় দেশে অস্বাভাবিক ঘটনা ঘটছে মন্তব্য করে তিনি বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা প্রশ্রয় দিচ্ছে সরকার। মোশাররফ হোসেন বলেন, জনপ্রিয়তা না থাকার কারণেই ক্ষমতা ধরে রাখতে ভোট ডাকাতি করছে সরকার। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে তথাকথিত সংস্থায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা হাস্যকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত