মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে সেদেশের নাগরিকত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নির্যাতিত এই মানুষদের নিজ দেশে ফেরার সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন ৯৪ বছর বয়সী এই আলোচিত রাজনীতিবিদ।
মাহাথির বলছেন, মালয়েশিয়া সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে না। কিন্তু এটা গণহত্যা বলেই তিনি কথা বলতে বাধ্য হয়েছেন।
২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়িয়েছিলেন মাহাথির। এরপর ৯২ বছর বয়সে আবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মঞ্চে হাজির হন। যে দলের হয়ে এর আগে পাঁচটি নির্বাচনে জিতেছিলেন তিনি, ভোটযুদ্ধে লড়েন তারই বিরুদ্ধে।
তুরস্কের আনদোলু এজেন্সিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের (রোহিঙ্গা) মিয়ানমারের নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। নিজেদের দেশে তাদের থাকার অধিকার আছে।’
মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে কখনো নিজেদের নাগরিক মনে করে না। এই সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে গত কয়েক বছর ধরে উঠেপড়ে লেগেছে দেশটি। জীবন বাঁচাতে লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু ২০১৭ সালে দেশটি থেকে সাত লাখ রোহিঙ্গাকে তাড়িয়ে দেওয়া হয়েছে!
