পদ্মা-যমুনায় ভাঙন, হুমকিতে জাতীয় গ্রিডের সঞ্চালন টাওয়ার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৪:২৯ পিএম

পাবনায় পদ্মা ও যমুনা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। গত তিন সপ্তাহে জেলার বেড়া ও সুজানগর উপজেলার কয়েক হাজার মানুষের বসতভিটা, ফসলি জমি ও পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে বেড়া উপজেলার নটাখোলা জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার।

সরেজমিনে বেড়া উপজেলার নটাখোলা খানপুরা গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় দু শ মিটার পাকা সড়ক যমুনার পানির তোড়ে বিলীন হয়ে গিয়েছে। ভাঙনে বিলীন হয়েছে খানপুরা মধ্যপাড়া কবরস্থানের অর্ধেকেরও বেশি অংশ। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তাতে আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা।

খানপুরা গ্রামের অধিবাসী জানে আলম মোল্লা জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহেই খানপুরা-দয়ারামপুর সড়কের দু শ মিটার যমুনার গ্রাসে চলে যায়। একদিনের মধ্যে আমার তিনবিঘা আমন ধানের জমি বিলীন হয়ে হয়ে যায়। এখন নদী আমার বসত ভিটা থেকে মাত্র পাঁচ শ মিটার দূরত্বে চলে এসেছে।

তিনি আরো জানান, ক্রমাগত ভাঙনে খানপুরা গ্রামে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের আনকারা টাওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই আনকারা টাওয়ার যমুনা নদীর ভেতর দিয়ে আসা ১১টি সঞ্চলন টাওয়ারকে নিয়ন্ত্রণ করে। টাওয়ারটি বর্তমানে আগ্রাসী যমুনা থেকে মাত্র ৫০০ থেকে ৬০০ মিটার দূরত্বে রয়েছে। এটি ক্ষতিগ্রস্ত হলে সারা দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত বছরই যমুনার ভাঙনে নটাখোলা ফেরিঘাটসহ গ্রামটির বেশির ভাগ অংশই নদীগর্ভে বিলীন হয়েছে। এ বছর যমুনার ভাঙন আরও প্রশস্ত হয়ে খানপুরা, চরপেঁচাকোলা, ঘোপ সিলন্দা ও মোহনগঞ্জ গ্রামের বসতভিটা ও রাস্তাঘাট বিলীন হয়েছে। নদীতে বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, কেবল যমুনাতেই নয় ভাঙন দেখা দিয়েছে সুজানগর উপজেলার পদ্মা পাড়ের গ্রামগুলোতেও। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে উপজেলার গুপিনপুর, বরখাপুর, রায়পুর, নুরহাটি, খলিলপুর, কাঞ্চন বাঁধ ও হাসামপুর গ্রামে বিস্তীর্ণ অঞ্চলের বাড়িঘর, ফসলি জমি প্রমত্তা পদ্মার গ্রাসে চলে গেছে।

সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান, গত তিন সপ্তাহ ধরে পদ্মা নদী যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে তাতে ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক সংখ্যা নিশ্চিত করা খুবই কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে কয়েক শতাধিক পরিবার ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। দুর্দশাগ্রস্ত মানুষের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের বেড়া উপবিভাগীয় অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ জানান, উজান থেকে নেমে আসা পানির কারণে পদ্মা ও যমুনায় একই সঙ্গে পানি বেড়েছে। এই পানি নদীর দুই তীরে প্রচণ্ড চাপ সৃষ্টি করায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের সঙ্গে নিয়ে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করছে। গত তিন সপ্তাহে বিভিন্ন এলাকায় প্রায় ত্রিশ হাজার জিও ব্যাগ নদী তীরে ফেলা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ জানান, ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সমন্বিত ভাবে কাজ করছে। বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত