ঢাবিতে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৬:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের কুশপুত্তলিকা দাহ হয়েছে। 

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠন এ কর্মসূচি পালন করেছে।

এডিস মশার প্রজনন ক্ষমতা সম্পর্কে মন্তব্য করায় স্বাস্থ্যমন্ত্রী এবং মশা নিধনে ব্যর্থ হওয়ায় দুই সিটি মেয়রের পদত্যাগ ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় সংগঠনটি।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত ‘ডেঙ্গু: চেঞ্জিং ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো হওয়ায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’

কুশপুত্তলিকা দাহ করার আগে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ঢাকাবাসীর জন্য মিনি ডাস্টবিন স্থাপন করেছেন । কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, ময়লাও পরিষ্কার করা হচ্ছে না৷ এসব ডাস্টবিনে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার করা হচ্ছে। এর দায়ভার কার? দুর্নীতির কারণেই কি রক্ষণাবেক্ষণ হচ্ছে না, নাকি মেয়র সাহেব এটাকেও গুজব বলে উড়িয়ে দেবেন?’

কুশপুত্তলিকা দাহের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত