বিএনপি-জামায়াত পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াচ্ছে: নানক

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৮:৩৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, শত বাঁধা পেড়িয়ে পদ্মা সেতু যখন বাস্তবে রূপ নিচ্ছে তখন মানুষের মাথা লাগবে বলে বিএনপি-জামায়াত প্রচারণা চালাচ্ছে।

রবিবার নীলফামারী পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত গুজব তৈরীর কারখানা। তারা একের পর এক গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্তিতে ফেলছে; কখনও পদ্মা সেতুতে মাথা লাগবে, ছেলেধরা বের হয়েছে, সারা দেশে কোথাও তিন দিন বিদ্যুৎ সংযোগ থাকবে না। তাদের গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না।

বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ দলটি আলাউদ্দিনের চেরাগবাতি নিয়ে জন্ম গ্রহণ করেনি, এই দলটি  স্বপ্নে প্রদত্ত কোন মহাঔষধ নিয়ে আসেনি। আওয়ামী লীগ এমন একটি সময় সৃষ্টি হয়েছিল যখন পাকিস্তান নামের একটি সম্প্রদায়িক দেশ ঠুকরে ঠুকে খাচ্ছিল বাঙালি জাতিকে। ওই সাম্প্রদায়িক পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং বাঙ্গালী জাতির সত্তাকে রক্ষায় আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আওয়ামী লীগকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে ইয়াহিয়া, আইয়ুব খান, মোনায়েম, জিয়া ও এরশাদরা কম চেষ্টা করেনি। তবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়নি। কারন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ শক্তিশালী এবং তারা স্বার্থহীন ভাবে দল করে।

নেত্রকার্মীদের উদ্দ্যেশে নানক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের সকল জেলা ও উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। দলে কে কেমন আছেন,  কি করছেন,  দলকে নিয়ে  কে কী ভাবছেন, কী চিন্তা করছেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। আমরা দলকে বাস্তবভিত্তিক এবং সমসাময়িক আধুনিক জায়গায় নিয়ে আসতে চাই। আমরা যেই নেত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ করি সেই নেত্রী কে? তাকে আমরা জানতে পেরেছি কিনা? তাকে আমরা দেখেছি কিনা? তার জীবন যাত্রা সম্পর্কে আমরা জানি কিনা? আমরা যদি আমাদের নেত্রী শেখ হাসিনাকে জানতে  ও বুঝতে না পারি তাহলে তার কাছ থেকে আমরা কিছুই শিখতে পারবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের সঞ্চালনায় বর্ধিত সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত