বিশ্বকাপে মাহমুদউল্লাহকে দলে চাননি সাকিব!

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:০৩ এএম

দীর্ঘদিন ধরেই ছন্দে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও ব্যর্থ তিনি। ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে এবার বোমা ফাটাল ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। ভারতীয় সংবাদমাধ্যমটি মাহমুদউল্লাহকে নিয়ে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে বলছে, বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর মাহমুদউল্লাহে দল থেকে বাদ দিতে বলেছিলেন সাকিব আল হাসান!

বিশ্বকাপে সাত ম্যাচে একটিতে ফিফটি করেছিলেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড সফর থেকেই কাফ মাসলের চোটে ভুগছিলেন। বিশ্বকাপে তাই তার কাছ থেকে বোলিং সার্ভিস পায়নি বাংলাদেশ। খেলেছেন শুধু ব্যাটসম্যান হিসেবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পাওয়ার পর ভারতের বিপক্ষে ম্যাচটাও মিস করেন।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে হয়তো বাদই পড়তে হতো মাহমুদউল্লাহকে। কিন্তু সাকিব আল হাসান ও লিটন দাস এই সিরিজে না থাকায় আরেকটি সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টেনে নিতে পারতেন। কিন্তু মাহমুদউল্লাহ ফিরেছেন মাত্র ৬ রান করে। ছেড়েছেন ক্যাচও। আর আগের ম্যাচে মাহমুদউল্লাহ করেন মাত্র ৩ রান। দীর্ঘ দিন পর ১ ওভার বোলিং করে দিয়েছিলেন ৪ রান।

ক্রিকবাজ তাদের প্রতিবেদনে বলছে, সাম্প্রতিক সময়ে ড্রেসিংরুমের সমর্থনও হারিয়েছেন মাহমুদউল্লাহ। নিজস্ব সূত্রের বরাদ দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহর ৪১ বলে ২৮ রানের অকার্যকর ও বিস্ময়কর ইনিংসটির পরও শুধুমাত্র নিজের জেদের বসে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তাকে দলে রাখেন। এরপর থেকে সাকিব অধিকাংশ ম্যাচেই টিম প্ল্যানিংয়ের সময় দূরে দূরে থেকেছেন।

‘সাকিবের মতে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ জয়ের জন্য কোনো অভিপ্রায় দেখায়নি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ২৮ বলে ৪১ রান করেন মাহমুদউল্লাহ, যখন শেষ ২০ ওভারে ১৯০ রান প্রয়োজন ছিল। সেই সময় ড্রেসিংরুমের সবার মধ্যে বিশ্বাস ছিল ম্যাচটা জেতা সম্ভব। কিন্তু মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে কখনো সেই লক্ষ্য ফুটে ওঠেনি। আর সেটি ভালোভাবে নেননি সাকিব।’- ক্রিকবাজকে এমনটাই জানিয়েছে তাদের নিজস্ব সূত্র।

ক্রিকবাজ আরো বলছে ড্রেসিংরুমেও সতীর্থদের কাছে সমর্থন পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের পর থেকেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলেছেন এই ৩৩ বছর বয়সী। এমনকি নিজের ব্যাটিং পজিশন নিয়েও অসন্তুষ্ট ছিলেন ২০১৫ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা এই ক্রিকেটার।

বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে নেমে গিয়ে ছয় নম্বরে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। কিন্তু তিনি চেয়েছিলেন আরো ওপরের দিকে ব্যাট করতে। সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ এও বলছে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করে ফেরার পর মাহমুদউল্লাহ নাকি বেশ বাজে ব্যবহার করেছিলেন সতীর্থদের সঙ্গে।

ঘটনা সত্য হলে দলের ভেতরে এক রকম কোন্দল ছিল এটা বলাই যায়। তবে আপাতত মাহমুদউল্লাহ রিয়াদ যে দলে জায়গা হারানোর দিকেই এগিয়ে চলেছেন এটা প্রায় নিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে আরো একটি ম্যাচ বাকি। কিছু কি করতে পারবেন এই ম্যাচে?

বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও মুশফিকের সঙ্গে তাকে নিয়ে এই ‘পঞ্চপাণ্ডব’। তবে ব্যাটিংয়ে অবদানের কথা ধরলে সাকিব, তামিম ও মুশফিকের চেয়ে ঢের পিছিয়ে মাহমুদউল্লাহ। তিনজনেরই রান যেখানে ৬ হাজারের ওপরে, সেখানে মাহমুদউল্লাহ এখনো ৪ হাজার রানও করতে পারেননি। বোলিংয়েও ১৮৪ ম্যাচে মাহমুদউল্লাহর উইকেট মাত্র ৭৬টি।

বিশ্বকাপের পর সব দল যেখানে আগামীর লক্ষে রূপান্তরের পথে হাঁটছে, মাহমুদউল্লাহ তখন বাংলাদেশের আগামীর পরিকল্পনায় থাকবেন তো?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত