ভারতের উত্তরপ্রদেশে গণপিটুনিতে নিহত হয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা। শনিবার অমেঠীতে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এ মুসলিম ব্যক্তিকে লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, দুর্বৃত্তদের মারধর ও লাঠির আঘাতে ৬৪ বছর বয়সী আমানুল্লাহ মারা যান বলে তার ছেলে জানান।
লোকসভা নির্বাচনে অমেঠীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারান বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। সাবেক সেনা কর্মকর্তাকে পিটিয়ে মারার ঘটনায় বিজেপিকেই দায়ী করেছে কংগ্রেস।
এ ঘটনায় রবিবার এক প্রতিক্রিয়ায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘‘উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। অভিযোগ খতিয়ে না দেখেই অপরাধ ধামাচাপা দিচ্ছে বিজেপি সরকার। আমার বাড়ি অমেঠীতেই এমন ঘটনা ঘটেছে। ’’
এদিকে লোকসভা নির্বাচনের পর ভারতজুড়ে দলিত ও মুসলিমদের গণপিটুনি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ৪৯ বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বুদ্ধিজীবীদের চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে গো-মাংস খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে। ‘জয় শ্রীরাম’ না বলায় পেটানো হচ্ছে। এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে।
তবে উল্টো এই ৪৯ বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, রাষ্ট্রদ্রোহিতাসহ কয়েকটি ধারায় যাতে মামলা রুজু করা হয় পিটিশনে সেই আরজি করা হয়। আগামী ৩ আগস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।
