ক্লাব বার্সেলোনার হয়ে নতুন মৌসুম শুরু করার আগে গ্রীষ্মের ছুটির শেষ সময়টা দারুণ উপভোগ করলেন আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। স্পেনের বিলাসবহুল পর্যটন দ্বীপে পার্টিতে মাতলেন তারা। স্ত্রীদের নিয়ে নাচে-গানে উপভোগ করলেন নিজেদের।
সঙ্গে ছিলেন বার্সেলোনার আরেক খেলোয়াড় জর্দি আলবা ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় সেস্ক ফাব্রেগাস। মেসির সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেল্লা রোক্কুস্সো। সুয়ারেসের সঙ্গে ছিলেন স্ত্রী সোফিয়া বালবি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কয়েকশ পর্যটকের সঙ্গে পার্টিতে মাতেন তারা। রাত পর্যন্ত চলে মাস্তি। পার্টিতে ভক্ত সমর্থকদের বিড়ম্বনায়ও পড়তে হয় তাদের।
পার্টিতে উদযাপনের বিভিন্ন ছবি পোস্ট করেছেন মেসি ও সুয়ারেসের স্ত্রী। ইবিসা দ্বীপে আসার আগে ক্যারিবীয় একটি দ্বীপে পরিবার নিয়ে ছুটির কয়েকটা দিন কাটিয়ে এসেছেন মেসি।
ছুটি শেষেই বার্সেলোনা শিবিরে যোগ দেবেন মেসি-সুয়ারেসরা। দলের হয়ে প্রাক মৌসুম সফরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন তারা।
