নারায়ণগঞ্জের ফতুল্লার শান্ত (২৪) নামে এক যুবকের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শান্ত ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের ছমিরনগর এলাকার জসিম উদ্দিনের ছেলে। ঈদের পর তার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা ছিল।
রবিবার রাতেই শান্তর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বক্তাবলীর ছমিরনগরে তাদের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে রাত ৯টায় ছমিরনগর মাদ্রাসা মাঠে জানাজার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শান্ত তার বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন। সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়ার ভিপি লটারি ধরে বিজয়ী হন। ঈদের পর তার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা ছিল। তার আর সেখানে যাওয়া হলো না।
শান্তর মৃত্যুতে বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য ফেরানোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
শান্তর বাবা জসিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, তার একমাত্র ছেলে শান্ত। হঠাৎ তার জ্বর হয়। বিভিন্ন ওষুধ খাওয়ার পরও জ্বর কিছুতেই কমছে না। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানোর পর চিকিৎসক জানান তার ডেঙ্গু জ্বর হয়েছে।
তিনি বলেন, শান্তর ডেঙ্গু হয়েছে জেনে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে রবিবার বিকেলে শান্ত মারা যায়।
