মঙ্গলবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের জন্মদিনে বিশেষ নাটক ‘শুভ জন্মদিন’। অপূর্ব ও তানজিন তিশা অভিনীত ‘শুভ জন্মদিন’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। প্রচেষ্টা অ্যাড মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মো. মোজাফ্ফর হোসেন দিপু। নাটকটিতে অপূর্ব ও তানজিন তিশা ছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবন্তী শ্রাবণ, মোসফিকুর শুভ, আফফান মিতুল, নুসরাত সাবরিন চৌধুরী, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদ সহ বিভিন্ন থিয়েটারের ৩০জন শিল্পী।
শুভ জন্মদিন নামটি আমাদের খুব পরিচিত, আর তাই শুভ জন্মদিন নামটি শুনলেই আমরা প্রত্যেকে নিজেদের মতো করে গল্প ভেবে বসি। আসলে কি তাই? এ নিয়ে তরুণ নির্মাতা সীমান্ত সজল বলেন, ‘সত্যটা জানার জন্য আশা করব প্রিয় দর্শকগণ টিভি সেটে শুভ জন্মদিন নাটকটি উপভোগ করবেন এবং দেখার পর সঠিক উত্তর নিজেরাই খুঁজে পাবেন। শুভ জন্মদিন নামটা সহজ হলেও এর অর্থটা খুব কঠিন। শুভ জনের শুভ জন্মদিন মনে রাখা, দিনটি ভুলে না যাওয়া, ভালোবাসা মনে ধারণ করা, প্রিয় জনের প্রিয় উপহার দিয়ে তার মুখে হাসি ফোটানো, প্রিয় জনের জন্মদিনে তার মায়াভরা হাসি মুখটা দেখার আকুলতা, উপহার পাওয়ার জন্য অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকার ব্যাকুলতা এরই নাম বুঝি ভালোবাসা। ভালোবাসাতো এমনই হয়। এ ভালোবাসাকে শ্রদ্ধা করি।’
শুভ জন্মদিন নাটকটি টাইটেল, সম্পাদনা ও আবহ সংগীত করেছেন মো. নূর উদ্দিন, সিনেমাটো গ্রাফার সুমন হোসাইন, লাইট গ্রাফার জামান হাসান, মেকআপ আর্টিস্ট মহসিন আহমেদ, গ্রাফিক্স ডিজাইনার সজল শেখ।
শুভ জন্মদিন নাটকটি নিয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সীমান্ত সজলের সঙ্গে এটা আমার প্রথম কাজ, শুভ জন্মদিন নাটকের গল্পটা শোনার পর আমার মনে দাগ কেটে যায়, ভালো লাগা থেকে অনেক যত্ন করে কাজটা করা। অনেক দিন পর ভিন্ন একটি গল্পে কাজ করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
তানজিন তিশা বলেন, ‘শুভ জন্মদিন নাটকটির গল্প এক কথায় চমৎকার, ভিন্ন ধারার গল্প। একটি দৃশ্য দেখার পর পরের দৃশ্যটি দেখার আগ্রহ জন্মাবে দর্শকের, গল্পটি বুঝতে হলে শেষ পর্যন্ত নাটকটি দেখতে হবে, দেখার পর হয়তো ভাবাবে নয়তো কাঁদাবে।’
চরিত্রটি লেখক সাদাত হোসাইন এর ছায়া অবলম্বনে হলেও নাটকটির পুরো গল্পই কাল্পনিক ।
