স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
সোমবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকর পর সাংবাদিকদের এ দাবি জানান তিনি।
মির্জা ফখরুল ডেঙ্গু দমনে দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ আনেন।
এর আগে স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে বিএনপি রাজপথে নামবে বলে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাতে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য।
ওই সদস্য জানান, আগামী দু’একদিনের মধ্যে কর্মসূচী চূড়ান্ত হবে। কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি নেতারা বিভিন্ন এলাকায় যাবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।
বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি ছাড়াও ট্রাম্পের কাছে তুলে ধরা প্রিয়া সাহার বক্তব্য, বন্যা পরিস্থিতি, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।
সন্ধ্যা ৭টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত চলা বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান।
