কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর দপ্তরে বোমা হামলায় নিহত ২০

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:২৫ পিএম

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর দপ্তর লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত রবিবার রাজধানী কাবুলে সালেহর গ্রিন ট্রেন্ড দলের দপ্তরে চালানো এ হামলায় আরও ৫০ জন আহত হয়েছে। আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনে হামলাটি চালানো হয়।

এ হামলায় সালেহ সামান্য আঘাত পেয়েছেন। তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির রানিং মেট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক আত্মঘাতী হামলাকারী দপ্তরটির কাছে গাড়িভর্তি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

এরপর বেশ কয়েকজন জঙ্গি দপ্তরটির ভেতরে ঢুকে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে প্রায় ৬ ঘণ্টা ধরে সেখানে অবস্থান করে তাণ্ডব চালায়। নিরাপত্তা বাহিনী ভবনটি থেকে প্রায় ১৫০ জন বেসামরিককে উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত