সাংস্কৃতিক সংগঠক সুপ্রিয় চক্রবর্তী মারা গেছেন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০১:৪১ এএম

সাংস্কৃতিক সংগঠক ও আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত কয়েক দিন ঢাকার বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরে গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের স্বামী সুপ্রিয় চক্রবর্তীর বয়স হয়েছিল ৭৫ বছর।

সুলতানা কামাল সাংবাদিকদের জানিয়েছেন, মৃত্যুর আগে সুপ্রিয় চক্রবর্তী টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে দেহ দান করে গিয়েছিলেন। তার ইচ্ছা অনুযায়ী মরদেহ ওই হাসপাতালটির কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর হবে।

সিলেট শহরের লামাবাজারের বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী আইন পেশার পাশাপাশি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। তিনি সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি এবং রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেটের সহসভাপতির দায়িত্বেও ছিলেন প্রয়াত এই আইনজীবী। সিলেট ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি।

সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, ‘সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল। তার চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও সিলেটের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের দক্ষ সংগঠক সুপ্রিয়র মৃত্যুতে শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত