চট্টগ্রামের পটিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আরমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এই ঘটনা ঘটে।
র্যাব জানায়, নিহত আরমান কিশোরী ধর্ষণ মামলার আসামি। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গত ১৯ জুলাই এক কিশোরীকে ধর্ষণ করেন আরমান। এ ঘটনায় কিশোরীর পরিবার মামলা দায়ের করলেও আরমান পালিয়ে যান। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানের লাশ উদ্ধার করা হয়।’
ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করার কথা জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা।
