ডেঙ্গু পরীক্ষার ডিভাইস নেই ভোলার কোনো হাসপাতালে

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৬:১৯ পিএম

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় ডেঙ্গু জ্বর পরীক্ষার কোন ডিভাইস নেই। এমনকি, শেষ ভরসা জেলা সদর হাসপাতালেও নেই ডেঙ্গু পরীক্ষার কোন ব্যবস্থা। জেলার অপর ৬টি উপজেলার কোনো হাসপাতালের অবস্থাও একই। ফলে দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ায় সামান্য জ্বর হলেও আতঙ্কিত হয়ে পড়ছে রোগী ও স্বজনরা।

স্থানীয়রা জানান, ভোলায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মিত হলেও তা এখনো চালু হয়নি। চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য নেই কোন আধুনিক কোন যন্ত্রপাতি। সারা দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে সেখানে এ জেলায় ডেঙ্গু পরীক্ষার কোন ব্যবস্থা নেই। সামন্য জ্বর হলেও আতঙ্কিত হয়ে অনেকে ঢাকা-বরিশাল ছুটছেন ডেঙ্গু পরীক্ষা করতে।

ভোলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ২ সপ্তাহে ভোলায় ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো তিনজন চিকিৎসাধীন রয়েছে। তবে এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভোলায় এসেছিলেন।

ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন অর রশিদ সুমন জানান, আমার ছোট ভাই ঢাকা থেকে গত ২৭ জুলাই ভোলায় আসে। ওই দিনই তার শরীরে জ্বর উঠে। জ্বর না কমায় আমরা পরের দিন তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার ডেঙ্গু জ্বর পরীক্ষার করতে বলে। সদর হাসপাতালে পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বরিশাল গিয়ে পরীক্ষা করি।

শহরের যুগীরঘোল এলাকার বাসিন্দা মো. জুয়েল জানান, এ বছর ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারণ করেছ। কিন্তু ভোলা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার যন্ত্র না থাকায় আমাদের জীবনের ঝুঁকি রয়েছে।

ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হাসিব মাহমুদ জানান, জ্বর উঠলেই এখন সবাই আতঙ্কিত থাকি। কিন্তু এটা ডেঙ্গু জ্বর নাকি সাধারণ জ্বর তা বোঝার কোন উপায় নেই। এটা অত্যন্ত ঝুঁকির বিষয়।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার দেশ রূপান্তরকে জানান, ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য যে ডিভাইস প্রয়োজন তা ভোলা সদর হাসপাতালে নেই। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি তারা আমাদের দ্রুত ডিভাইস দেয়ার ব্যবস্থা করবেন। পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্তদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ আছে। সঠিক চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু জ্বর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত