সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাজার এলাকার মুক্তমঞ্চের পাশে এক বাড়িতে সদ্যনির্মিত সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে নেমে গতকাল মঙ্গলবার সকালে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক শ্রমিক।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রেজাউল করিম (২৮) ও শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের শিমুলতলী গ্রামের গোলাম আলীর ছেলে আলামিন হোসেন (২৫)।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, মুক্তমঞ্চ এলাকার দুই ভাই রামকৃষ্ণ সাহা ও গোবিন্দ সাহার নির্মাণাধীন বাড়িতে বেশ কয়েকদিন আগে সেপটিক ট্যাংক নির্মাণকাজ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে ওই সেপটিক ট্যাংকের ভেতর তারা শাটারিং খুলতে নামেন। এ সময় ভেতরে জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়ে তারা অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ও আলামিনকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
