সন্তানের জন্য দুধ কিনতে বলায় খাদিজা আক্তার নামে এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গত সোমবার রাত ১০টার দিকে শিবচর উপজেলার বাঁশকান্দিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী নাসির ফকির পলাতক রয়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, শিবচরের দ্বিতীয়খণ্ড এলাকার সেকান ফকিরের ছেলে নাসির ফকিরের সঙ্গে বাঁশকান্দির দেলোয়ার শেখের মেয়ে খাদিজার বিয়ে হয়। তাদের দেড় বছরের মেয়ে রয়েছে।
সোমবার রাতে নাসিরকে দুধ আনতে বলে খাদিজা। দুধ না নিয়েই ফেরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে খাদিজা ঘুমিয়ে পড়লে তার শরীরে আগুন ধরিয়ে দেয় নাসির। খাদিজার চিৎকারে লোকজন ছুটে আসলে নাসির পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবচর থানার ওসি (অপারেশন) আনোয়ার হোসেন জানান, গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। নাসিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস জানান, খাদিজার পেট ও বুক পুড়ে গেছে।
